Image description

সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল ২০২৬’ বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাইজদী, চৌমুহনী, ছাতক, বিজয়নগর ও শাহরাস্তিসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলটির নেতারা বিলটিকে ‘কুরআন-সুন্নাহবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের মীমাংসিত সম্পত্তি ব্যবস্থাকে নতুন করে বিতর্কিত করার মাধ্যমে সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি বলেন, সংসদে পাস হওয়া ‘কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল’ একটি দূরভিসন্ধিমূলক পদক্ষেপ। দীর্ঘদিনের মীমাংসিত সম্পত্তি ব্যবস্থাকে নতুন করে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, সরকারের ভেতরে পশ্চিমা দালালরা দেশের সামাজিক সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও সমাবেশে সরকারের সমালোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে বিতর্কিত আইন করে সরকার দেশকে আরও অস্থিতিশীল করে তুলছে।

তিনি সতর্ক করে বলেন, ইসলামবিরোধী আইন করার ফল সরকারের জন্য সুখকর হবে না। অবিলম্বে সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বলেন, মীমাংসিত বিষয়কে নতুন করে বিতর্কিত করে জনগণের ওপর কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না।

তিনি সরকারের প্রতি জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান এবং বিতর্কিত সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, মাওলানা আনোয়ার হোসেন রাজী, মাওলানা আবুল কাশেম মিয়াজী, মাওলানা শামসুল আলম, মাওলানা গাজী মাসউদুর রহমান, মাওলানা আনিসুর রহমান কাসেমী, মাওলানা আতিকুর রহমান, মোহাম্মদ জাবেদ হোসাইন, মাওলানা আবু হানিফ নোমান, মিজানুর রহমান, আবুল কালাম এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিষয়ে সরকারের সতর্ক থাকা এবং জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়ও বাদ জুমা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দলটির নেতাকর্মীরা এসব কর্মসূচিতে বিল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

 

রাজধানীর বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা শাখার নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

 

দলটির নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা বিষয়টি নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।