Image description

ছয় দফা মানা না হলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তারা বলেছেন, মানুষের ঘরে গ্যাস নেই, বিদ্যুৎ নেই। হাতে কাজ নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সরকারের মন্ত্রীদের ছেলেরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আইনশৃঙ্খলার চরম অবনতিতে মানুষ দিশাহারা।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লায় ১১-দলীয় ঐক্যের পথসভায় এসব কথা বলেন তারা।

সভায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘দেশ আজ জাহান্নামে পরিণত হয়েছে। ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে।’ এ সময় ‘বিদ্যুৎ দে-গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দেন তিনি।

পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের এসব মৌলিক দাবি পূরণ না হলে সরকার গদিতে থাকতে পারবে না।’

ঐক্যের আরেক নেতা খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দেশকে সঠিক গন্তব্যে এগিয়ে নিতে সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। লংমার্চের মধ্য দিয়ে চলমান আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে।

এর আগে ছয় দাবিতে শনিবার সকালে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। নারায়ণগঞ্জের শিমরাইলসহ বিভিন্ন স্থানে পথসভা শেষে লংমার্চটি কুমিল্লায় পৌঁছে পদুয়ার বাজার বিশ্বরোডে পথসভা করে। পরে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চটি যাত্রা করে চৌদ্দগ্রাম বাজারে পৌঁছালে সেখানে নেতাকর্মীদের স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।