Image description

আজ (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টায় শামীম ওসমান নামক একটি ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পলাতম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী হাত মেলাচ্ছেন। 

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ডিপ স্টেট ও মিত্রবাহিনীর যৌথ প্রচেষ্টায় সর্বোচ্চ সামরিক প্রোটোকল নিয়ে ফিরছেন দেশরত্ন শেখ হাসিনা, রাজকীয় প্রত্যাবর্তনের আভাস পেলাম আজকের বৈঠকে।

চোখ-কান খোলা রাখুন, খুব শীগ্রই আমার পেজে নেত্রীর লাইভ প্রোগ্রামের মাধ্যমে সকল ধোয়াশা দূর হবে ইনশাআল্লাহ, অনেক কিছু ঘটতে চলেছে, সবাই শান্ত থাকুন।

প্রত্যাবর্তনের আপডেট প্রতিনিয়ত জানতে আমার পেজটা ফলো করুন।’’

অর্থাৎ, এই পোস্ট দেখলে মনে হবে, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতীয় এই অফিসিয়ালের সাথে বৈঠক করেছেন শামীম ওসমান। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। 

একই পেইজে এমন বৈঠকের ৩টি পোস্ট পাওয়া যায়। পোস্ট হওয়া ৩টি ছবিই এআই দিয়ে এডিট করা। মূলত অন্য ব্যক্তিদের সাথে বৈঠকের ছবি এআই দিয়ে এডিট করে শামীম ওসমানের ছবি বসিয়ে দেয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১টায় একই পেইজে আরেকটি পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বসে আছেন শামীম ওসমান। এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘আলহামদুলিল্লাহ, বন্ধুদেশ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সাথে বৈঠক শেষ করলাম। ডিপ স্টেট ও মিত্রবাহিনীর যৌথ প্রচেষ্টায় সর্বোচ্চ সামরিক প্রোটোকল নিয়ে ফিরছেন দেশরত্ন শেখ হাসিনা, রাজকীয় প্রত্যাবর্তনের আভাস পেলাম আজকের বৈঠকে।’’

একই দিন রাত ১০টায় ভারতী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাথে শামীম ওসমানের আরেকটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘প্রত্যাবর্তনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে—এমনই বার্তা মিলছে। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনার কেন্দ্রে ছিল।’’

একই পোস্টের কমেন্টে ওই পেইজ থেকে লেখা হয়েছে, ‘‘৩টি বিষয়ে আগাম অবগত করতে চাই।

যদিও মিটিং হয়েছে আরও ৩/৪ দিন আগে, তবে এখন সময় এসেছে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার। (১) আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। (২) জননেত্রী শেখ হাসিনা ফিরে আসছেন। (৩) ২০২৭ সালের অক্টোবর মাসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। (নেপথ্যে: ৪টি পরাশক্তি এবং ইউরোপীয় ইউনিয়ন।)’’

ভিন্ন ব্যক্তিদের সাথে ছবি এআই এডিট করে শামীম ওসমান বানানো হয়েছে

শামীম ওসমান নামক পেইজে ভারতীয় অফিসিয়ালদের সাথে বৈঠক বলে পোস্ট হওয়া ৩টি ছবিই এআই দিয়ে এডিট করা। মূলত ভারতীয় অফিসিয়ালদের সাথে অন্য ব্যক্তিদের ছবির সাথে শামীম ওসমানের ছবি জুড়ে দেয়া হয়েছে।

 

ভারতীয় পররাষ্টড়মন্ত্রী এস জয়শঙ্করের সাথে ছবিটি মূলত ছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সাথে। ছবিটি ২০২৩ সালে কলম্বোতে তোলা হয়েছিল। সেই ছবিতে রনিল বিক্রমাসিংহের জায়গায় শামীম ওসমানের ছবি লাগিয়ে দেয়া হয়েছে। 

 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সাথে বৈঠকের ছবিটি মূলত গ্রেটার কোচবিহার পিপল্‌স অ্যাসোসিয়েশন’ (জিসিপিএ)-এর নেতা  অনন্ত রায়ের। ছবিটি ২০১৯ সালে অনন্ত রায়ের বাসায় তোলা। সেই ছবিতে অনন্ত রায়ের জায়গায় শামীম ওসমানকে বসিয়ে দেয়া হয়েছে। 

 

এবং সর্বশেষ পোস্ট হওয়া ছবিটি ছিল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের। গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন দীনেশ ত্রিবেদী । ছবিটি সেদিনের তোলা। সেই ছবিতে ড. খলিলুর রহমানের জায়গায় এডিট করে শামীম ওসমানকে বসিয়ে দেয়া হয়েছে। 

দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে, এ ৩টি ছবিই গুগল এআই দিয়ে এডিট করা হয়েছে। 

প্রসঙ্গত, আওয়ামী লীগের পতন হলে অন্যদের মতো শামীম ওসমান পালিয়েছেন। পরবর্তীতে তার কার্যক্রম থেকে জানা যায়, তিনি আমেরিকাতে আছেন। 

এসব ছবি পোস্ট হওয়া পেইজটি গত ২৩ আগস্ট খোলা হয়েছে।