কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগপন্থীদের ছড়ানো ভুয়া স্ক্রিনশটের জেরে গত ২১ জুন গ্রেফতার করা হয়েছিল ১৭ বছর বয়সী সাবিদুল ইসলামকে সিয়াম। পরবর্তীতে তাকে ‘ছাত্রলীগকর্মী’ দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল।
এই ঘটনার প্রায় আড়াই মাস পর জামিনে মুক্তি পেলেন সিয়াম। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কিশোর সংশোধনাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সিয়ামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা থানায়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়ামের পক্ষের আইনজীবী রবিউল ইসলাম বাদল দ্য ডিসেন্টেকে জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘‘গতকাল (শুক্রবার) বিকেলে সিয়াম জামিনে মুক্তি পেয়ে বাড়ি চলে গেছে।’’
সিয়ামের মা পারভীন আক্তার দ্য ডিসেন্টকে বলেন, ‘‘সিয়ামকে হাইকোর্ট থেকে গত মঙ্গলবারের আগের মঙ্গলবার (১৮ আগস্ট) জামিনের আদেশ দিয়েছিল। গতকাল (শুক্রবার) গাজিপুর সংশোধনাগার থেকে বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। সিয়াম রাতে ওর বাবার সাথে বাড়িতে এসেছে। এখন বাড়িতেই আছে।’’
সিয়ামের মায়ের ফোন থেকেই সিয়ামের সঙ্গেও কথা হয় দ্য ডিসেন্টের। সিয়াম নিজেও জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছন।
প্রসঙ্গত, এ বছরের ২০ জুন ফেসবুকে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। স্ক্রিনশটে দেখা যায়, সিয়াম প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছেন।
ছাত্রদল ও বিএনপির অ্যাক্টিভিস্টরা স্ক্রিনশটটি পোস্ট করে সিয়ামকে ‘শিবিরকর্মী’ হিসেবে উল্লেখ করে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। যদিও সিয়াম ২১ জুন তার ফেসবুক পেজে একটি ভিডিওতে দাবি করেন, তিনি জাইমা রহমানকে নিয়ে এরকম আপত্তিকর পোস্ট করেননি।
২২ জুন দ্য ডিসেন্ট এক ডিজিটাল অনুসন্ধানী প্রতিবেদনে প্রমাণ করে যে, সিয়ামের নামে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া। মূলত আওয়ামীপন্থী সাইবার অপরাধীরা তার নামে ভুয়া স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড তৈরি করে ছড়িয়েছে।
প্রতিবেদনটি দেখুন এখানে।
২২ জুন স্ক্রিনশটটি ভুয়া প্রমাণিত হলেও তার দুই দিন আগেই (২০ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় দুইটি পৃথক অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে একটি অভিযোগ দায়ের করেন ছাত্রদল আখাউড়া পৌরশাখার সাবেক সভাপতি এবং আখাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাতুল ইসলাম তারেক।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ২১ জুন সিয়ামকে আটক করে পরেরদিন (২২ জুন) ২০২৪ সালের নভেম্বর ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ‘ছাত্রলীগসমর্থক’ হিসেবে গ্রেফতার দেখায়।
অর্থাৎ, অনলাইনে ছাত্রদল ও ছাত্রলীগপন্থী বিভিন্ন আইডি থেকে সিয়ামকে ‘শিবিরকর্মী’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ক্যাম্পেইন করা হলেও তাকে গ্রেফতার করা হয়েছে যেই মামলায় সেটির এজাহারে ‘ছাত্রলীগসমর্থক’ বলে দাবি করা হয়েছে।
এ নিয়ে দ্য ডিসেন্টের বিস্তারিত প্রতিবেদন দেখুন এখানে।