জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের পুরো বয়ানই আওয়ামী লীগের বয়ান বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছে—বিষয়টি এমন নয়; বরং তারা জুলাইকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, বাংলাদেশে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তিকে বাসায় ডেকে জবাই করা হয়েছে, খানকায় জবাইয়ের ঘটনা ঘটেছে। বাউলদের ধরে ধরে চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটেছে।
সাবেক এই প্রেস সচিব বলেন, অনেকে অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে মজা পান। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, গণভোট নিয়ে তাদের ধারণা অত্যন্ত প্রখর।