দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জিয়া উদ্যানে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে চোখে পড়ার মতো।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকা।
বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
অনেকের হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপি'র নেতা ইমাম শরিফ বাবু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে স্মরণ করার দিন।
তার আদর্শে উজ্জীবিত হয়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।
বাড্ডা থানা বিএনপি নেতা শামসুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি এখনও আরো শক্তিশালী। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে এই ঐক্য ও জনসম্পৃক্ততা আরও জোরদার করতে হবে।
এদিকে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শীর্ষনিউজ