Image description

নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি না করায় খেলা বন্ধ করতে বেআইনিভাবে ১৪৪ ধারা জারির মাইকিং করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল।

রবিবার (২৩ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলামের নির্দেশে সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম তাঁকে শোকজ করেন।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, শুক্রবার লালপুরের কেশবপুর স্কুল মাঠে স্থানীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হতে চেয়েছিলেন মারুফ আলী। তবে আয়োজকেরা গ্রামের প্রবীণ ব্যক্তিদের অতিথি করায় তিনি ক্ষুব্ধ হন।

অভিযোগ রয়েছে, এরপর তিনি মাইক ভাড়া করে মাঠে ১৪৪ ধারা জারির কথা প্রচার করান। এতে স্থানীয়রা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ধরনের কোনো নির্দেশ দেননি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা ছাত্রদলের নজরে আসে। পরে মারুফ আলীকে সোমবারের মধ্যে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়।

জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম বলেন, মারুফ আলীর কর্মকাণ্ডে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তবে মারুফ আলী সংগঠনের কাছে ব্যাখ্যা দেওয়ার আগে গণমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।