জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কূটনৈতিক অঙ্গনে যোগাযোগ বাড়াচ্ছে। ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করে নিজের কর্মসূচি ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরছেন দলটির নেতারা। জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ হচ্ছে দলটির।
যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফ্রান্স ও জার্মানির কূটনীতিক ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এসব বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী বাস্তবতা, রাষ্ট্রীয় সংস্কার, দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে এসেও বৈঠক করেছেন কূটনৈতিকরা। সাম্প্রতিক সময়ে চীন, যুক্তরাজ্য ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করেছেন দলটির নেতারা। পাশাপাশি আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গেও আলোচনা করেন এনসিপি নেতারা। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতান্ত্রিক শাসন, সংসদীয় সম্পৃক্ততা, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে।
গত ২০শে আগস্ট চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন এনসিপি’র মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসী কল্যাণ বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। ঢাকায় চীনা দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় করে। আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে অব্যাহত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় এনসিপি’র প্রতিনিধিদলে ছিলেন উপ-কমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, মাহবুব আলম, নাভিদ নওরোজ শাহ ও মঞ্জিলা ঝুমা।
গত ১২ই আগস্ট এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছে আইআরআইয়ের একটি প্রতিনিধিদল। সোনজা গ্লকেলের নেতৃত্বে প্রতিনিধিদলটি এনসিপি’র কাছে আইআরআইয়ের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। বৈঠকে জরিপের বিভিন্ন ফলাফল ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি অব্যাহত যোগাযোগ, সংলাপ ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
আইআরআই প্রতিনিধিদলে ছিলেন- রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্ল্যাহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক। এনসিপি’র পক্ষে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।
এ ছাড়াও গত ৬ই আগস্টে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে সংসদীয় সম্পৃক্ততা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং অব্যাহত সংলাপ ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় এনসিপি’র আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ এবং যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ডেস্কের প্রধান নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। গত ৭ই আগস্টে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে হাসপাতালে দেখতে যান এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ। তারা হাসপাতালে চিকিৎসাধীন হাইকমিশনারের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন এবং মর্মান্তিক এ ঘটনায় গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
গত ৭ই জুন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এরপর গত ২২শে জুলাই রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। এনসিপি’র পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন অংশ নেন। বৈঠক শেষে এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দূতাবাসের প্রতিনিধিদলকে দলীয় কার্যালয় ঘুরিয়ে দেখান।
এর পাঁচ দিন পর গত ২৭শে জুলাই রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপি’র আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।
এসব বিষয়ে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, আমরা আমাদের দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনা করছি। এ কারণে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত কথাবার্তা হচ্ছে। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গণতান্ত্রিক রূপান্তর, রাজনৈতিক বিভিন্ন বিষয় এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা হচ্ছে।
আরও পড়ুন:
স্মৃতিসৌধে শ্রদ্ধা, আজ বঙ্গভবনে যাচ্ছেন প্রেসিডেন্ট
তিনি বলেন, দেশকে পুনর্গঠনের যে উদ্যোগ নেয়া হয়েছিল, সেই প্রক্রিয়া, রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের বিষয়গুলোও কূটনীতিকদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে থাকছে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখেই এসব বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।