Image description

সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতার বাড়ির ফটকের সামনে রেখে যাওয়া বাজারের ব্যাগ থেকে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি, সাবান, একটি গুলি ও হত্যার হুমকি দেওয়া চিঠি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি।

গতকাল শনিবার ভোরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লার বাড়িতে ঘটে এ ঘটনা।

ইসমাইল হোসেন মোল্লার ছেলে ইলিয়াস হোসেন জানিয়েছেন, বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তিকে ভোর ৫টা ১২ মিনিটের দিকে তাদের বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগ রেখে যেতে দেখা গেছে। পরে ঘুম থেকে উঠে তার বাবা ব্যাগটি দেখতে পান এবং বিষয়টি জামগড়া পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়।

বাজারের ব্যাগের ভেতরে আরও একটি লাল ব্যাগ ছিল উল্লেখ করে তার ভাষ্য, ‘ওই ব্যাগের ভেতর কাফনের কাপড়, গোলাপজল, দুই প্যাকেট আগরবাতি, সাবান ও হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পাওয়া যায়। চিঠিটি একটি খামের ভেতরে ছিল। খামের ওপর সাদা স্কচটেপ দিয়ে আটকানো ছিল একটি গুলি।’

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। পাশাপাশি পর্যবেক্ষণ করা হচ্ছে সিসিটিভি ফুটেজও।