শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু ও সংগঠনটির সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বুধবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে হুইপ অপু বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে। তবে কোনো অবস্থাতেই সহিংসতা, সংঘর্ষ বা আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কর্মকাণ্ড অবশ্যই শান্তিপূর্ণ ও আইনসম্মত হতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেবে না। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাভঙ্গ বা সহিংসতায় জড়িত থাকলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
হুইপ অপু সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য, বুধবার শরীয়তপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।