Image description

ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে মো. হুমায়ুন তালুকদার নামে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তার হুমায়ুন তালুকদার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের সভাপতি। তিনি উপজেলার শুভুল্যা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কর্তব্যরত কর্মকর্তারা অনলাইন যাচাইয়ে তার নাম স্টপ লিস্টে দেখতে পান। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গ্রেপ্তার দেখায়।

জানা গেছে, হুমায়ুন তালুকদারের বিরুদ্ধে মির্জাপুর থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারাসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, “ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন যাচাইয়ে হুমায়ুন তালুকদারের নাম স্টপ লিস্টে পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “হুমায়ুন তালুকদারের গ্রেপ্তারের বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। তাকে মির্জাপুর থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”