Image description

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথড় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন গোলদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নয়ন গোলদার কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের নীরোদ গোলদারের ছেলে। তিনি হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ২৮ জুলাই প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে কাশিয়ানী উপজেলার রাহুথড় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ সময় ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনার পর অপমান ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। পরে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নয়ন গোলদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।