নীলফামারীতে আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এর আগে, শনিবার সন্ধ্যায় তাকে নিজ বাড়ি ছিট ইটাখোলা শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলি হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, কৃষক সিদ্দিক আলি ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে বাড়ির অদূরে রামগঞ্জহাট বাজারে খরচ করতে যান। ওই সময় আসামিরা এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজকে ওপর এলোপাতাড়ি মারধর করে। পরে কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়লে মামলার প্রধান আসামি আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়ি দিয়ে কৃষক সিদ্দিক আলিকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান এশিয়া পোস্টকে বলেন, শনিবার সিদ্দিক হত্যা মামলায় আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।