Image description

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটি। বৈঠকে জোটের ভবিষ্যৎ কর্মপন্থাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় বিরোধীদলীয় নেতার মিন্টো রোডের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

এ ছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সভায় আগামী ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।