শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী দুই বছর তাদের ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী, তারেক রহমান ও হাসিবুর রহমানকে চার সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তারা ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।
একই সঙ্গে তারেক রহমানের শাহপরান হলের আবাসিক আসন (সিট) বাতিল করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে তিনি শিক্ষার্থী হিসেবে হলের আবাসিক সিটের জন্য আবেদন করতে পারবেন না।
এছাড়া, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য উভয় অভিযুক্তকে সতর্ক করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক তারেক রহমান। তারা শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী। এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত রোববার তাদের দুজনকে দলীয় পদ থেকেও বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, হল ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের ওই দুই নেতার বিরুদ্ধে।