বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “২০২৪ সালে বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন আকাঙ্ক্ষা ও আশা-ভরসা নিয়ে একত্রিত হয়েছিল। যে স্বপ্ন নিয়ে শহীদ আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে বিএনপি।”
শনিবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ঢাকা মোড় এলাকা থেকে একটি পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছোট যমুনা সেতু-সংলগ্ন বটতলি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের বলা হয়েছিল, বাংলাদেশে সংস্কার হবে, পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে, ১৪শ হত্যাকাণ্ডের বিচার হবে, আজাদীর স্বপ্নপুরুষ ওসমান হাদী হত্যার বিচার হবে, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের আশায় অপেক্ষা করছিলাম, তখন বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করতে অনুরোধ করেছেন।”
এনসিপির রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “আমরা জনগণের কাছে যাব। আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না, টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না, ভারতের সঙ্গে আপস করব না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা, আলেম-উলামা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ, পুলিশ, সামরিক ও অর্থনৈতিক সংস্কার এবং উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং) ডা. আব্দুল আহাদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ এবং ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেনসহ স্থানীয় নেতারা।