Image description

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (৬ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর এনসিপির পক্ষে মশাল মিছিল করা হয়।

রাজধানীর বাংলামোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রাত ১২টার দিকে মশাল মিছিলটি শুরু হয়।

শাহবাগে গিয়ে মশাল মিছিল শেষে নেতৃবৃন্দ জুলাই স্মৃতি স্তম্ভের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এতে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন প্রমুখ।

সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর সমাবেশে বক্তব্যে এনসিপির আহ্বায়ক বলেন, স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সাভার থেকে আমরা আগস্টে কর্মসূচি সমাপ্ত করছিলাম। তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে বোমা ফুটিয়েছে। প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য বোমা বিস্ফোরণ করা হয়েছে। এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার করে বলতে চাই- জবাব দিতে হবে। কেন নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না, তার জবাব দিতে হবে।