Image description

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাইয়ের বীর শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী স্বৈরশাসনের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, এই আলোর প্রজ্বালন শুধু এক দিনের জন্য নয়। প্রতিদিন সব কটা জানালা খুলে রাখতে হবে, যেন কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তির আর কখনও এই বাংলায় আগমন ঘটতে না পারে।

সাবেক আওয়ামী সরকারের মেগা প্রজেক্টের দুর্নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার অবশিষ্টাংশ এখনও নানা জায়গায় রয়ে গেছে। তারা দেশের মেগা প্রজেক্ট অর্থাৎ মেট্রোরেল ও পদ্মা সেতুর টাকা পর্যন্ত চুরি করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমানের কাজ দেখে মনে হচ্ছে আমরা, আপনারা সবাই জাতীয়তাবাদী। শুধু ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নয়, আজ রেড সিগন্যালে যে গাড়িটি নিয়ম মেনে দাঁড়িয়ে যায়, সেটিও জাতীয়তাবাদেরই অংশ।

ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলা এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানটি জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদ ও আহতদের স্মরণে উৎসর্গ করা হয়।