Image description

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র, প্রশাসনকে হুমকি প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখা। আজ শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে নীলক্ষেত মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলিফ্যান্ট রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং দিনের ভোট রাতে নেওয়ার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে ছিল। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হলেও দলটি ও এর সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপকর্ম অব্যাহত থাকলে ছাত্রদল রাজপথে থেকেই তা কঠোরভাবে প্রতিহত করবে।

ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক আবির রায়হান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, তারা নিষিদ্ধই থাকুক। দেশের কোথাও অরাজকতা সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে জাতীয়তাবাদী ছাত্রদল তা রাজপথে মোকাবিলা করবে। প্রয়োজনে ছাত্রদল একাই এই নিষিদ্ধ সংগঠনের সব ধরনের অপতৎপরতা রুখে দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহমেদ, আব্দুর রহিম রাজ, সাইদ হোসেন, হাসিবুর রহমান রবি, রাহাত হোসেন, মর্তুজা মাহিন, নাইম হোসেন, আলামিন জাহিদ ও মহিবুল্লাহসহ ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।