বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে রোববার সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপে আগেই শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় ধরনের পরিবর্তন আনছেন। প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া বেশ কয়েকজন ফুটবলারকে এবার মাঠে নামানো হবে। লিওনেল মেসি বেঞ্চে থাকবেন, আর গোলপোস্টে একমাত্র নিয়মিত খেলোয়াড় হিসেবে থাকবেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এবং জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ের ফলে আর্জেন্টিনা গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। এতে শেষ ম্যাচে ফলাফলের চাপ না থাকায় স্কালোনি নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছেন। আগামী ৩ জুলাই মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে এই পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
সাম্প্রতিক অনুশীলনে দেখা গেছে, গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে খেলবেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।
তবে রাইট-ব্যাক পজিশন নিয়ে এখনও কিছুটা ভাবনায় আছেন স্কালোনি। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরলে গঞ্জালো মন্তিয়েল এই পজিশনে খেলতে পারেন। সে ক্ষেত্রে জুলিয়ানো সিমিওনে ডান দিকের মিডফিল্ডে থাকবেন। অন্যদিকে, সিমিওনেকে রাইট-ব্যাক হিসেবে খেলানো হলে নিকো পাজ প্রথম একাদশে জায়গা পেতে পারেন।
অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখলেও লিয়ান্দ্রো পারেদেসকে মাঝমাঠে খেলানোর পরিকল্পনা রয়েছে। তার সঙ্গে থাকবেন এক্সিকিয়েল প্যালাসিওস। আর বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেতে যাচ্ছেন জিওভানি লো সেলসো।
আক্রমণভাগে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করেছেন স্কালোনি। নকআউট পর্বের আগে ভিন্ন কৌশল পরীক্ষা করার পাশাপাশি দুই স্ট্রাইকারের গোল খরা কাটাতেও এই জুটির ওপর ভরসা রাখছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে তারা কোনো আনুষ্ঠানিক ম্যাচে গোল করতে পারেননি।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে বা নিকো পাজ, লিয়ান্দ্রো পারেদেস, এক্সিকিয়েল প্যালাসিওস, জিওভানি লো সেলসো; হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপ, টফি ও আইস্ক্রিনে।