Image description

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) বেলা ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। তার হত্যাকারীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী দোকানদার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ইখলাস গাজী বাসস্ট্যান্ড এলাকার হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক ব্যক্তি তাকে উদ্দেশ করে গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তিনি ইখলাস গাজীর ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।