Image description

কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি বলেছেন, বর্তমান সময়ে বিএনপির কার্যক্রম পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তারা দিনদিন তাদের সঠিক রাজনৈতিক পথ হারিয়ে ফেলছে। এমনকি জনগণের মৌলিক সংকটের সমাধান না করে কার্ড বিতরণে বেশি ব্যস্ত হয়ে পড়ছে।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

 

নুরুজ্জামান কাফি জানান, একসময় তিনি নিজেও ধানের শীষে ভোট চেয়েছেন এবং বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গণভোটের রায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান তাকে হতাশ করেছে।

 

তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে যেখানে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, সেখানে বিএনপি যেন লাইন হারিয়ে অন্য পথে হাঁটছে। তারা যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, তাতে তাদের জনপ্রিয়তা হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে তাদের বর্তমান কিছু কৌশল সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে।

 

কাফি বলেন, এনসিপিতে যোগ দেওয়ার পেছনে অন্যতম একটি কারণ ছিল বিএনপির এই ধরনের কর্মকাণ্ডের প্রতি তার অনাস্থা। তিনি মনে করেন, জনগণের সেবা করার চেয়ে ক্ষমতা আর কার্ড বিলানোই যেন বড় হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে তিনি একটি নতুন ধারার রাজনৈতিক প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন।