চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ তুলে পরিষদের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন পরিষদের সচিবকে লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, দুপুর ১টার দিকে স্থানীয় যুবদল নেতা ও জেহালা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য লিপন আলীর নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের ১০-১২ জন নেতাকর্মী পরিষদ ভবনে প্রবেশ করেন। তাদের মধ্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রতন আলী, যুবনেতা সাইদ এবং নিগার সিদ্দিক কলেজ ছাত্রদলের সভাপতি নাফিয়াল আরাফাতও ছিলেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, তারা পরিষদের ভেতরে অশালীন ভাষায় গালাগালি করেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তোলেন। একপর্যায়ে তারা পরিষদের সহকারী সচিব আরমান হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার কক্ষ থেকে বের করে দেন।পরে চেয়ারম্যানের কক্ষ, সচিবের কক্ষ, হিসাব সহকারীর কক্ষ, তথ্যসেবা কক্ষ, উদ্যোক্তা কক্ষ ও হলরুমে তালা ঝুলিয়ে দেন।
ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য হাসেম মাহমুদ অভিযোগ করেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদে ছয় লাখ ৪০ হাজার টাকার উন্নয়ন সহায়তার বরাদ্দ এসেছে। এ বরাদ্দেরও বেশির ভাগ তিনি নিতে চান। তা না দেওয়ায় তিনি পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে লিপন আলী বলেন, অনেক প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে হয় না। দুর্নীতি-অনিয়ম হয় বলেই আমরা এর প্রতিবাদে পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব বাবু জানান, পরিষদে ১৩ হাজার ৮৭০ কেজি ভিজিএফের চাল মজুত রয়েছে, যা বৃহস্পতিবার ১ হাজার ৩৮৭টি দুস্থ পরিবারের মাঝে বিতরণের কথা ছিল। তিনি অভিযোগ করেন, ভিজিএফ কার্ড নিয়ন্ত্রণে নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, যারা ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়েছে, তারা অপরাধ করেছে। সরকারি কাজে বাধা দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে মামলা করতে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের বলেছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।