ভবিষ্যতে দেশে আরেকটি গণঅভ্যুত্থান ঘটলে সবার আগে নির্বাচন কমিশন (ইসি) সংস্কারের কাজে হাত দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা নির্বাচনী কারচুপির অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও একদিন বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ সোমবার (১৮ মে) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক এবং বিদায়ী কমিটির সংবর্ধনা। বিশেষ বিষয় হলো, নাসীরুদ্দীন পাটওয়ারী যখন এই কড়া বক্তব্য দিচ্ছিলেন, তখন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি করা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বিশেষ আশীর্বাদ ও সমর্থনে তাদের চেয়ার টিকিয়ে রেখেছে।"
তিনি বর্তমান কমিশনকে সতর্ক করে দিয়ে বলেন, জাতীয় নির্বাচন যেভাবেই হোক না কেন, আগামীতে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনগুলো যেন সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা হয়। যদি সেখানে কোনো ধরনের কারচুপির চেষ্টা করা হয়, তবে আমরা রাজপথে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। বাংলার মাটিতে এই কমিশনের অন্যায় কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।
শীর্ষনিউজ