বাংলাদেশের রাজনীতিতে আপাতত ‘নিখোঁজ’ বর্তমান সরকারের অন্যতম প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ১৩ মে তিনি বিদেশ গেছেন, কিন্তু কোন দেশে গেছেন, কেন গেছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা।
মন্ত্রী হওয়ার পর একাধিক দেশ সফর করলেও এই প্রথমবারের মতো তার বিদেশ ভ্রমণ নিয়ে কোন সংবাদ প্রকাশ করা হয়নি। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও দেয়া হয়নি কোনো প্রেস রিলিজ। মন্ত্রীর দপ্তর ও তার ব্যক্তিগত কর্মকর্তাদের কেউই এ বিষয়ে মুখ খুলতে চাচ্ছেন না। ফলে রহস্য আরও বেড়েছে।
সালাহউদ্দিন আহমদের বিদেশ সফর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের বক্তব্যেও পাওয়া যাচ্ছে অসংগতি। কেউ বলছেন চিকিৎসার জন্য তিনি সিংগাপুরে গেছেন। আবার কেউ বলছেন মন্ত্রী ব্যক্তিগত ও পারিবারিক কারনে লন্ডনে আছেন, ১৮ মে সকালে তিনি ফিরে আসবেন।
মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের জন্য সরকারি আদেশের (জিও) প্রয়োজন হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৬) মোহাম্মদ শরীফুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের জিও ইস্যুর কথা জানিয়েছেন।
টাইমস অব বাংলাদেশ-এর হাতে আসা জিওতে উল্লেখ করা হয়েছে, তিনি পারিবারিক সফরে যুক্তরাজ্য ভ্রমণ করছেন।
টাইমসকে তিনি বলেন, ‘জিও হয়েছে এটুকু বলতে পারি। এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এটিএম শাহীন আহমেদ বলেন, ১৩ মে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ছেড়েছেন। তিনি কোন দেশে কেন গেছেন এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এবিষয়ে জানেন না বলে টাইমসকে বলেন।
তবে মন্ত্রীর একজন ব্যাক্তিগত কর্মকর্তা জানান, সালাহউদ্দিন আহমদ প্রথমে চিকিৎসার জন্য সিংগাপুরে যান। সেখান থেকে তিনি লন্ডনে পৌঁছান যেখানে তার কন্যা বসবাস করেন।
একই সময়ে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, রাষ্ট্রপতির সঙ্গে গোপন বৈঠকের জন্যই সালাহউদ্দিন আহমদের এই লন্ডন সফর। তারা বলছেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে নৈশভোজ আয়োজন করে দুজনের সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
তবে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের একজন কূটনীতিক এ কথা অস্বীকার করে বলেন, নৈশভোজটি শুধু রাষ্ট্রপতির সম্মানে আয়োজন করা হয়েছিল। সেই নৈশভোজে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না।
এই কূটনীতিক আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রী যে লন্ডনে আছেন সেটাই বাংলাদেশ হাইকমিশন জানে না।
টাইমস-এর পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে লন্ডনে তাঁর দেখা হয়নি।
এ নিয়ে টাইমস-এর পক্ষ থেকে সালাহউদ্দিন আহমদের সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ১৮ মে সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও দেশে ফিরছেন। তবে তাদের একই ফ্লাইটে আসার কোনো সম্ভাবনা নেই।