বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘কুশাখালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত নির্বাচনে তারা কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরমধ্যে লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১২৫১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
এ সময় আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসে প্রথম বক্তব্যে বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। তার অন্যতম একটি অংশ হচ্ছে ফ্যামিলি কার্ড।
তিনি বলেন, ‘তারেক রহমানের বাবা ছিলেন স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং মা ছিলেন প্রধানমন্ত্রী। তাদের সন্তান আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। এখানে কোনো দুর্নীতি হবে না, স্বজনপ্রীতি হবে না। নির্বাচনে আমাদের দেওয়া প্রতিশ্রুতি, আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।
এই সাংসদ আরো বলেন, ‘আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে নারী ক্ষমতায়ন বৃদ্ধি ও নারী শিক্ষা সম্প্রসারণ করা হবে। বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষার কর্মসূচি দিয়েছেন। ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন উপবৃত্তি সহকারে। উপমহাদেশের ইতিহাসে যেভাবে একজন নারী শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছেন, এটি বিরল।’
লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াপ্রু মারমা ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।