Image description

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, নতুন সরকারের মাত্র দুই মাসের মাথায় ছাত্রলীগের যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, এতে আমি মনে করি, আমাদের রাজনীতির সামনের দিনগুলোর যে সমীকরণ, সে সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, সারা বাংলাদেশের ছাত্রলীগের কমিটি হচ্ছে এবং প্রকাশ্যে সেই কমিটিগুলো তারা ঘোষণা করছে। কোনো কোনো ক্ষেত্রে সেই কমিটি গঠিত হওয়ার পরে, সেই কমিটির যারা সদস্য তাদেরকে স্বাগত জানিয়ে তারা মিছিল করছে।
এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনের গ্রেপ্তার করেছে। কিন্তু এটা ছাত্রলীগের যে তৎপরতা, সেই তৎপরতার তুলনায় একেবারে নগণ্য। অন্য সময়গুলোতে যা হয় বা গত ১৮ মাসে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সেখানে একটা মব তৈরি হয়। কখনো সেটা ছাত্রদল করেছে, কখনো বিএনপির লোকজন করেছে, কখনো জামায়াতের লোকজন করেছে, কখনো এনসিপির লোকজন করেছে।

তিনি বলেন, এই যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ব্যাপারে শিবির, এনসিপি বা ছাত্রদলের মধ্যে ঠিক ওইরকম প্রস্তুতি দেখা যায়নি। অন্যদিকে ছাত্রলীগ এই যে কমিটি তারা করে গেছে, সেই কমিটি করার পর সেগুলো প্রচার এবং প্রচারণার জন্যে তারা ইন্টারনেটের প্রোটোকলে প্রকাশ্যে মিটিং করছে, কথাবার্তা বলছে এবং সেই একই কথার ধারাবাহিকতা যুবলীগ, আওয়ামী লীগেও।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছে এই মুহূর্তে, তারাও নিয়মিত এ ধরনের ওয়েব মিটিংগুলোতে অংশ নিচ্ছেন। অনেকে পালিয়ে আছেন, অনেকে স্থানচ্যুত, কিন্তু তারা প্রকাশ্যে যে কথাগুলো বলছেন, তা দেশবাসী দেখছে।
নতুন সরকারের মাত্র দুই মাসের মাথায় ছাত্রলীগের এই যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন তাদের যে অগ্রযাত্রা এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয়, এটি আমি মনে করি, আমাদের রাজনীতির সামনের দিনগুলোর যে সমীকরণ, সে সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে।