Image description

রাজধানীর চিরচেনা যানজটের সড়কে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিভিআইপি প্রটোকলের তোয়াক্কা না করে অসুস্থ রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সকে নিজের গাড়িবহর থামিয়ে আগে যাওয়ার পথ করে দিয়েছেন তিনি।

 

বুধবার (৬ মে) সকালে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সকাল ৯টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে যাচ্ছিলেন। তার গাড়িবহর যখন বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল, তখন পেছনে একটি অ্যাম্বুলেন্সকে সাইরেন বাজাতে দেখেন প্রধানমন্ত্রী।

জরুরি সেবার গাড়িটি জটলায় আটকে আছে বুঝতে পেরে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তার নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন বহর থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে আগে যাওয়ার জায়গা করে দিতে। তার নির্দেশে প্রটোকল ভেঙে নিরাপত্তাকর্মীরা দ্রুত অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেন এবং সেটি নির্বিঘ্নে গন্তব্যের দিকে চলে যায়।

সাধারণত ভিভিআইপি চলাচলের সময় সাধারণ যানবাহন আটকে রাখার দীর্ঘদিনের রীতি থাকলেও, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তারেক রহমান জনবান্ধব ও মানবিক বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন। আজকের এই ঘটনাটি সাধারণ মানুষের প্রতি একজন সরকার প্রধানের দায়িত্ববোধ এবং সহমর্মিতার এক শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন নগরবাসী।

 

পুরো বিষয়টি দেখে সড়কে থাকা প্রত্যক্ষদর্শীরা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, রাষ্ট্রপ্রধানের এমন মানবিক আচরণ সাধারণ মানুষের মনে এক নতুন আশার সঞ্চার করেছে।