Image description
শাপলা গণহত্যা থেকে জুলাই সেমিনারে আখতার হোসেন

বিচারহীনতার পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। শাপলা গণহত্যার সমর্থক ও পরিকল্পনাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে ‘শাপলা গণহত্যা থেকে জুলাই’ শীর্ষক সেমিনারে আখতার এসব কথা বলেন৷

আখতার হোসেন বলেন, শাপলা চত্বরের গণহত্যার সমর্থনকারী ও মাস্টারমাইন্ডদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে সাধারণ মানুষ ‘কথা বলে নিরাপদ থাকবে’–এমন নীতির বাস্তবায়ন প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলা বিচারহীনতা ও মানবতাবিরোধী অপরাধের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা তৈরি হয়েছে, পিলখানা, শাপলা গণহত্যার মধ্য দিয়ে৷' তিনি 'শাপলা গণহত্যায়' নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই পিলখানা থেকে শাপলা চত্বর পর্যন্ত একের পর এক মানবতাবিরোধী অপরাধ করেছে। শাপলা চত্বরের ঘটনাকে এতদিন অস্বীকার করার চেষ্টার মাধ্যমে ঐতিহাসিক দায় থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে না। বর্তমান সরকারের উচিত বিগত সব আন্দোলনে নিহতদের ‘শহীদ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া।

সেমিনারে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন৷