Image description

চট্টগ্রাম মহানগরের সম্প্রতি অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা পরিস্থিতিতে নগরবাসীর ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব মো. নাজিমুর রহমান।

এক বিবৃতিতে তারা বলেন, টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়ক ও আবাসিক এলাকায় জলজটের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। কর্মজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সাময়িকভাবে দুর্ভোগের সম্মুখীন হয়েছেন, যা সত্যিই দুঃখজনক।

তারা বলেন, চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য, নিম্নাঞ্চল ও ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে অতিবৃষ্টির সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়। তাই জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগের পাশাপাশি সচেতন নগরবাসীদের অংশ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নগরীর জলাবদ্ধতা সমস্যা কমিয়ে আনতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা, নর্দমা ও খালে আবর্জনা না ফেলা, বাসাবাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও চট্টগ্রামবাসীর সাম্প্রতিক ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশের বিষয়ে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তারা।