Image description

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় ছয়টি আরব দেশ জড়িত ছিল বলে অভিযোগ করেছে ইরান। জাতিসংঘে দেওয়া এক চিঠির জবাবে এমন দাবি তুলেছেন ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

তিনি জানান, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডান তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার দিয়ে এই হামলায় পরোক্ষভাবে সহায়তা করেছে। এসব ঘাঁটি থেকে ইরানের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরাভানি বলেন, ইরান সংঘাতের সূচনাকারী নয়, বরং জাতিসংঘ সনদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে।

তিনি আরও বলেন, যেসব দেশ এই হামলায় অংশ নিয়েছে বা তাদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, তারা এই আগ্রাসনের জন্য দায়ী এবং তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।
ইরানের জাতিসংঘ প্রতিনিধি অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত এই হামলার নিন্দা জানাতে এবং দায়ী পক্ষকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে, যার ফলে হামলা অব্যাহত রয়েছে।
তিনি দাবি করেন, ইরান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পূর্ণ ক্ষতিপূরণের দায়িত্ব কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানকে নিতে হবে।

শীর্ষনিউজ