Image description

কক্সবাজারে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ভুয়া প্রশ্নপত্র বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক কিশোরকে আটক করেছে র‍্যাব। প্রযুক্তিনির্ভর এই প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে পরীক্ষার্থী ও অভিভাবকদের টার্গেট করে আসছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১ মে) সকালে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক সালাহউদ্দিন আহমেদ (১৭) শহরের সিটি কলেজ রোড এলাকার বাসিন্দা।

র‍্যাবের তথ্য অনুযায়ী, চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে বিপুল অর্থ আদায় করছিল। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে চক্রটির কার্যক্রম শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর পর্যটন কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে প্রতারণার চেষ্টা করার সময় সালাহউদ্দিনকে আটক করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিত। পরীক্ষার আগের রাতে প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা আদায় করত এবং অর্থ পাওয়ার পরপরই ভুক্তভোগীদের ব্লক করে দিত।

র‍্যাব জানায়, প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ নম্বরের তথ্য সংগ্রহ করা হয়েছে। আটক কিশোরকে আইনি প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।