ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক তার বিতর্কিত বক্তব্যে ব্যবহৃত ‘হত্যা’ শব্দটিকে ‘স্লিপ অব টাং’ দাবি করে দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে ওমর ফারুক লিখেছেন, ইবি শাখা ছাত্রদলের বিক্ষোভ শেষে বক্তব্য দেওয়ার সময় জিয়া পরিবারকে নিয়ে নোংরামি করলে প্রতিহত করার কথা বলতে গিয়ে অসাবধানতাবশত ‘হত্যা করব’ শব্দটি উচ্চারণ করেছেন, যা ছিল ‘স্লিপ অব টাং’।
তিনি আরও লেখেন, অনিচ্ছাকৃতভাবে ‘হত্যা’ শব্দটি ব্যবহারের জন্য তিনি দুঃখিত। তার শুভানুধ্যায়ী ও যারা এ বক্তব্যে কষ্ট পেয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের একটি কলেজে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ওমর ফারুক। এ সময় তিনি বলেন, জিয়া পরিবারকে নিয়ে নোংরামি করলে কোনো আপস হবে না। হয় ফাঁসির কাষ্ঠে ঝুলব, নয় গুপ্ত শিবির সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।
সেই সমাবেশে তিনি আরও বলেন, আমাদের আদর্শের জনক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো নোংরামি করা হয়, অশ্লীল স্ট্যাটাস দেওয়া হয় তাহলে আমরা এটা মেনে নেব না, এর প্রতিবাদে হয় মরব, না হয় মারব।