যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দুই শীর্ষ উপদেষ্টার পাকিস্তান সফর বাতিলের অর্থ এই নয় যে ওয়াশিংটন আবার যুদ্ধের পথে হাঁটছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান বিষয়ক নতুন দফার আলোচনার জন্য এই সফর নির্ধারিত ছিল।
সম্প্রতি এক্সিওস (Axios) প্রতিবেদক ও সিএনএন কন্ট্রিবিউটর বারাক রাভিদকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই অবস্থান পরিষ্কার করেন।
বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান যাওয়ার পরিকল্পনা বাতিল হওয়াকে অনেকেই নতুন করে সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি বলেন, "না, এর মানে তা (যুদ্ধ) নয়। আমরা এখনো এই ধরনের কিছু ভাবিনি।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে পাকিস্তানের মধ্যস্থতা বা আলোচনার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এই সফর বাতিল হওয়াতে সেখানে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও ট্রাম্পের মন্তব্য আপাতত যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিচ্ছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় সরাসরি সংঘাত এড়ানোর নীতি বজায় রাখার ইঙ্গিত দিয়ে আসছে।