ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এতে স্থান পেয়েছেন বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে দলটির প্রার্থী হন সানজিদা ইসলাম তুলি। তবে নির্বাচনে জামায়াতে ইসলামীর ব্যারিস্টার আরমান ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েন। তিনি ৯৬ হাজার ৭৮৪ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুলি ধানের শীষ প্রতীক নিয়ে পান ৮০ হাজার ৯২৭ ভোট।
দুর্নীতিমূলক কার্যকলাপ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ফলাফল গণনায় অনিয়ম ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে এনে ফলাফল স্থগিতেরও আবেদন করেন পরাজিত বিএনপির এ প্রার্থী। এবার দলটির সংরক্ষিত নারী আসনে প্রার্থী হলেন তিনি। দলীয় চূড়ান্ত প্রার্থী হওয়ায় তার জাতীয় সংসদে নারী এমপি হিসেবে যাওয়া অনেকটাই নিশ্চিত।
সানজিদা ইসলাম তুলি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’র সমন্বয়ক হিসেবে পরিচিতি পান। তিনি ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন। এক দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ ব্যক্তিদের নিয়ে লড়াইয়ে যুক্ত হওয়ায় তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানবাধিকার আন্দোলনের অন্যতম নাম হয়ে ওঠেন।