বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মসজিদের গেটে তালা দেয়া অবস্থায় দেখা যায়, যা নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
মসজিদের প্রবেশপথে একটি নির্দেশনামূলক লিফলেটও টাঙানো রয়েছে, যেখানে শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মসজিদ বন্ধ রাখার নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতারা। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, “ক্যাম্পাসে পর্যাপ্ত বিশ্রামের জায়গা না থাকায় শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়ে। অনেকেই দূর থেকে ভোরে এসে ক্লান্ত অবস্থায় একটু বিশ্রাম নেয়ার সুযোগ খোঁজেন, কিন্তু মসজিদ বন্ধ থাকায় সেই সুযোগও সীমিত হয়ে গেছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকারের সভাপতি একেএম রাকিব বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ের নামে মসজিদ বন্ধ রাখা যৌক্তিক নয়। ক্যাম্পাসে অন্য অনেক জায়গায় সাশ্রয়ের সুযোগ থাকলেও সেদিকে প্রশাসনের মনোযোগ দেয়া উচিত ছিল।”
এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। পরে উপাচার্য জোহরের নামাজের পর মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের আলোচনার জন্য ডেকেছেন বলে তিনি জানান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এবং অনেকেই প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন।
শীর্ষনিউজ