Image description

ইসরাইলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যমান অ্যাসোসিয়েশন চুক্তি বাতিলের উদ্যোগ নিতে যাচ্ছে স্পেন। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) ইইউ-এর কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করবে দেশটি।

রোববার (২০ এপ্রিল) স্পেনের দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল আন্দালুসিয়ায় এক নির্বাচনি সমাবেশে এ ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

তিনি বলেন, ইসরাইলের সঙ্গে চলমান অংশীদারিত্ব চুক্তি পুনর্বিবেচনা করে তা বাতিলের জন্য স্পেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবে। তার দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে কোনো রাষ্ট্রকে ইউরোপীয় কাঠামোর অংশীদার রাখা উচিত নয়।

২০০০ সালে স্বাক্ষরিত ইইউ–ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তিতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে চলার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। স্পেনের মতে, বর্তমান পরিস্থিতিতে সেই শর্ত লঙ্ঘিত হয়েছে।

এর আগেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেন ও আয়ারল্যান্ড যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে চিঠি পাঠিয়ে গাজা সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার দাবি জানিয়েছিল।

এদিকে, স্পেনের এই অবস্থানের কড়া সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশটির বিরুদ্ধে দ্বৈতনীতি ও বৈরিতার অভিযোগ তোলেন।

অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তার দেশ কোনো পক্ষপাতদুষ্ট পরামর্শ মেনে নেবে না। পাশাপাশি তিনি স্পেনের আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন।

স্পেনের এই উদ্যোগকে ঘিরে ইউরোপীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

শীর্ষনিউজ