মেহেরপুরের গাংনী উপজেলায় ভোরে এক বিএনপি নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে সাহারবাটি ও ভাটপাড়া এলাকার মাঝামাঝি কাশেম মোড়ের কাছে এ হামলার ঘটে।
আহত ব্যক্তি মুকুল হোসেন (৫২) সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং স্থানীয় সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের সন্তান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়, এতে তার বুক ও পিঠে পাঁচটি গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও দুই দফায় মুকুল হোসেনের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছিল।
ঘটনার পরপরই গাংনী থানার ওসি উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
শীর্ষনিউজ