Image description

মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনার জন্য আজ রাতে বৈঠকে বসছে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে বার্তা বিনিময়ের খবর পাওয়া গেছে। গত সপ্তাহে দুই দেশের মধ্যে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মাধ্যমে তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দ্রুতই নতুন করে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে একজন মধ্যস্থতাকারী তেহরানে পৌঁছেছেন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ২০০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে গত ছয় সপ্তাহে ইরান ও লেবানন মিলিয়ে নিহতের সংখ্যা ৫ হাজার ৫০০ ছাড়িয়ে যাওয়ায় আন্তর্জাতিক চাপ বাড়ছে।

এদিকে, আঞ্চলিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে ইরানের এক হুমকিতে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরে অবরোধ অব্যাহত রাখে, তবে তারা লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে নৌ-চলাচল বন্ধ করে দেবে। এই উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকারের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা যুদ্ধের শুরু থেকে প্রথম কোনো শীর্ষ পর্যায়ের যোগাযোগ।

অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনা সত্ত্বেও ইরান ইস্যুতে তিনি তার অবস্থানে অটল থাকবেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আজ রাতের ইসরায়েলি ক্যাবিনেট বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।