Image description

জয়পুরহাটের কালাই উপজেলায় গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।

দলীয় সূত্র জানায়, উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. ফিরোজ আহমেদ শনিবার গরু চুরির একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এ ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুনট ইউনিয়ন বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. আবু খায়রুল আলম স্বাক্ষর করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান সরকার জানান, বহিষ্কারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ফিরোজ আহমেদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে কালাই উপজেলার বেগুনগ্রাম এলাকায় এক গৃহবধূর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। এর মধ্যে একটি গাভি শিবগঞ্জ উপজেলার একটি পরিত্যক্ত পাম্পে লুকিয়ে রাখা হয়। পরে গরুটি সোনাতলা উপজেলার ডাকুমারা হাটে ৬৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া স্বীকারোক্তিতে জানা যায়, বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয় এবং এ ঘটনায় জড়িত ফিরোজ আহমেদকে ৬০ হাজার টাকা দেওয়া হয়। এসংক্রান্ত একটি ভিডিও আলামতও জব্দ করেছে পুলিশ। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।