ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার দেখা গেছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে পোস্টারগুলো লাগানো হয়েছে বলে জানা গেছে। রাত ১০ টার দিকে মাস্টারদা’ সূর্যসেন হল ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক শৈশব খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্টারের ভিডিও পোস্ট করেন।
সূর্যসেন হল সংসদের সহসভাপতি (ভিপি) আজিজুল হক এশিয়া পোস্টকে জানান, আমাদের হলের পঁচানব্বই শতাংশ শিক্ষার্থী হল ছেড়ে বাড়ি চলে গেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুপুর বেলা ছাত্রলীগের সন্ত্রাসীরা হলে প্রবেশ করে পোস্টার লাগিয়েছে।
এ বিষয়ে হল সংসদ এবং হল প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করছি। আমাদের ধারণা, ভেতরে ঘাপটি মেরে থাকা কেউ একাজ করেনি। হল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।
এ প্রসঙ্গে মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গত ১ মার্চ দিবাগত রাত ২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পোস্টার লাগানো হয়েছিল। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ (ডাকসু) বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল।