Image description

রাজধানীর পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া, আগারগাঁও এলাকায় অস্ত্রের মহড়া ও বস্তিতে হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ‘পিচ্চি রাকিব’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

 

রোববার (৩১ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

সম্প্রতি পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এবং আগারগাঁও এলাকায় অস্ত্র প্রদর্শন করে তাণ্ডব চালানোর ঘটনায় তার নাম আলোচনায় আসে।

 

পুলিশ জানায়, সর্বশেষ শনিবার রাতে শেরেবাংলা নগর থানাধীন শহীদের টেক বস্তিতে হামলার ঘটনায়ও পিচ্চি রাকিব জড়িত ছিল। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পরে ওই মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।