Image description

সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লাগাতার হামলার মুখে দেশটিকে (সৌদি আরব) রক্ষায় এবার প্রকাশ্যে পাশে দাঁড়াল ফ্রান্স। সে অনুযায়ী বিশ্বের ষষ্ঠ বৃহৎ শক্তি ফ্রান্স এরই মধ্যে সৌদি আরবে নিজেদের বিভিন্ন অস্ত্রশস্ত্র ও সক্ষমতা মোতায়েন শুরু করেছে। সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট। এ বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী পাসকাল কনফারেক্স বলেন, ‘আপনারা জানেন যে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের হামলা কেবল সৌদির নিরাপত্তা বা এ অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না; এর ভুক্তভোগী হচ্ছি আমরাও। জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হলে বিপর্যয়কর পরিস্থিতির মুখে পড়তে হবে আমাদের। তা ছাড়া আপনারা এ-ও জানেন যে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন, ফ্রান্স সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে ইয়ানাবু পূর্ব-পশ্চিম করিডর রক্ষায় সহযোগিতা করবে। সেই প্রতিশ্রুত সহযোগিতার অংশ হিসেবেই সৌদিতে সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মোতায়েন করা হচ্ছে।’

উল্লেখ্য, গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, তিনি সৌদি আরবে সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবেন, যাতে লোহিত সাগরের তীরবর্তী বন্দর শহর ইয়ানবুকে সুরক্ষিত রাখা যায়-যা জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ম্যাক্রোঁ বলেছিলেন, এ মোতায়েনের মূল উদ্দেশ্য হবে ইরান যুদ্ধের প্রভাবকে সীমাবদ্ধ রাখা।

তবে তিনি জোর দিয়ে বলেছিলেন, ফ্রান্স কোনো সংঘাতে জড়িয়ে পড়ছে না। সৌদি কর্তৃৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকে ইউরোপে ডিজেল, অপরিশোধিত তেল এবং অন্যান্য পরিশোধিত জ্বালানি পণ্য সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী বন্দর শহর ইয়ানবু। এর ফলে সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে তাদের পণ্য রপ্তানি করতে পারছে। গত  সেপ্টেম্বরে ইরাকে অবস্থিত ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা ড্রোন হামলার মাধ্যমে এই পাইপলাইনটির ক্ষতিসাধন করে, যার জেরে এটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া গত সপ্তাহে হুতিদের একটি হামলায় ইয়ানাবুতে ‘ইয়াসরেফ’ নামে একটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সেটি বন্ধ করতে বাধ্য হয় সৌদি আরব। সৌদিতে হুতিদের ক্রমাগত হামলা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে এবং ডিজেল সরবরাহের সংকটকে আরও তীব্র করে তুলেছে।