নোয়াখালীর সেনবাগে বসতঘরের দরজা বন্ধ দেখে মই দিয়ে উঁকি মারতেই দেখা গেল অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের ঝুলন্ত লাশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিয়া বাড়ি থেকে আফরিয়া সুলতানা প্রিয়া (১৪) নামের ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত প্রীয়া ওই বাড়ির মো. আবুল কাশেম ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় শিবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রিয়ার মা বিলকিস আক্তার তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি মই দিয়ে ঘরের ভেতর উঁকি দেন। এ সময় মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে এসে পুলিশে খবর দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মায়ের ওপর অভিমান করে প্রীয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।