Image description

রাজধানীর গুলশানের একটি বাড়িতে গৃহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। গৃহকর্মীকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহত গৃহকর্মীর নাম মোছা. মনিকা (১১)। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযুক্তের নাম আবু তাহের রাজু। তিনি গুলশানের নিকেতন আবাসিক এলাকার বাসিন্দা, গুলশানে অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘রাজ গ্রুপ’-এর মালিক।

নিহতের বাবা আব্দুল বারেক বলেন, মনিকা দশ মাস পূর্বে একজন দালালের মাধ্যমে ঢাকার গুলশানের নিকেতন আবাসিক এলাকায় গৃহকর্মীর কাজ করতে আসেন।

তিনি আরও বলেন, মনিকাকে তার ম্যাডাম মানসিক নির্যাতন করত। মনিকা যখন বাড়িতে কথা বলত তখন ম্যাডাম সবসময় তার পাশে দাঁড়িয়ে থাকত। লাউড স্পিকার অন করে কথা বলতে বাধ্য করত।

অভিযুক্ত আবু তাহের রাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আপনারা তদন্তকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলুন।

তার নিজস্ব কোনো বক্তব্য আছে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, আপনি মেয়ের বাবার সঙ্গে কথা বলেন। আমি এ বিষয়ে কিছুই বলব না।

আবু তাহের রাজের পিয়ন মান্নান বলেন, রাত ২ টার দিকে মনিকাকে তারা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। পরবর্তীতে চিকিৎসক জানান, পথিমধ্যেই মনিকার মৃত্যু হয়েছে।

নিহত মনিকার স্বজন রাসেল অভিযোগ করেন, মনিকার বাবার অনুমতি ছাড়াই লাশের পোস্টমর্টেম করা হয়েছে।

এ প্রসঙ্গে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।