Image description

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় জুলাই সনদের প্রতিটি অক্ষর ও প্রতিটি শব্দ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের সামাজিক পরিস্থিতি ও রাজনৈতিক সংস্কৃতি উন্নত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

 

বুধবার (১১ মার্চ) নাগরিক প্ল্যাটফর্ম ‘রিফর্ম ওয়াচ’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে কিছুটা সময় লাগবে। ভালো সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠা করতে হলে সমাজে বিদ্যমান পুরোনো নেতিবাচক সংস্কৃতি দূর করতে হবে। সবাই মিলে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। বর্তমানে সমাজে যে নেতিবাচক সংস্কৃতি রয়েছে, সেগুলো ধীরে ধীরে দূর করা হবে। এ জন্য সবাইকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

 

কোনো নেতার বক্তব্যকে কেন্দ্র করে ভবিষ্যতে যেন কেউ আচরণ বা কার্যকলাপের মাধ্যমে আহত না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময়ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। যুদ্ধের বাস্তবতায় অনেক ঘটনা ঘটেছে। যদি জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কোথাও কোনো ঘটনা ঘটে থাকে, তবে সেই প্রেক্ষাপট বিবেচনায় নিতে হবে।

 

তিনি বলেন, যারা গণঅভ্যুত্থানের সময় জনগণের ওপর হামলা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে এবং গুলিতে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতা শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার কি থাকবে না—এ প্রশ্নও তিনি তোলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের ময়দানে যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হলে সবকিছুকেই মানবাধিকার লঙ্ঘন বলা যাবে না। যেমন মুক্তিযোদ্ধারা রাজাকারদের বিরুদ্ধে লড়াই করেছেন, সে কারণে কি রাজাকাররা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেভাবে জুলাই যোদ্ধাদের অধিকার দেওয়া হয়েছে, সেখানে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের বিষয়ে জাতীয়ভাবে ঐকমত্য হয়েছে এবং জাতীয় জুলাই সনদের অঙ্গীকারনামায় সবাই স্বাক্ষর করেছে। সেখানে কোনো জবরদস্তিমূলক আদেশ নেই।

 

তিনি বলেন, জাতীয় জুলাই সনদের প্রতিটি অক্ষর ও প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব। তবে অনেক রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়েছে, আমরাও দিয়েছি। নির্বাচনী ইশতেহারে যা থাকবে এবং জনগণের ম্যান্ডেট পাবে—সেই দলই তা বাস্তবায়ন করবে।