Image description

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার রানীনগর-হঠাৎপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত নাসিমা বেগম (৪০) ওই গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে। অভিযুক্ত মো. মিজানুর রহমান ভেজুকে (৫০) পুলিশ হেফাজতে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মঙ্গলবার গভীর রাতে ধারাল অস্ত্র দিয়ে নিজ বসতঘরের ভেতরেই নাসিমাকে কুপিয়ে হত্যা করেন তার স্বামী মিজানুর। এরপর মরদেহটি পাশের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম এশিয়া পোস্টকে বলেন, অভিযুক্ত মিজানুর রহমানকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।