Image description

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নিহত ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের প্রথম জানাজ আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সোয়া ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের ইমামতিতে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন ও ঢাকা-৪ আসনের এমপি মো. জয়নুল আবেদীন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগরে ইফতারের পর বিএনপি-জামায়াতের সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়ে ঢাকাস্থ কাকরাইলের অরোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আহত হওয়ার দশ দিন পর মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এ সংঘর্ষে ঘটনার দিন নিহতের আপন ভাই জামায়াত কর্মী হাফিজুর রহমানও নিহত হন।

 

নিহত মফিজুর রহমানের প্রথম জানাজা শেষে লাশ নিয়ে নিজ জেলা চুয়াডাঙ্গার দিকে রওনা হয়েছেন স্বজন ও জেলা জামায়াতের আমিরসহ দায়িত্বশীলরা।