ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের ছয় মাসের জন্য এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষর করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই নারী ও তাদের সঙ্গে থাকা দুই ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনাটি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের ছয় মাসের জন্য বহিষ্কারাদেশ দেন।