রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন রিপন (৪৫) ও সুলতান (৪০)। মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে থাকা অপর মুরগিভ্যান চালক মো. শাহীন জানান, রিপন ও সুলতান শান্তিনগরের মুরগি ব্যবসায়ী। তারা কাপ্তান বাজার থেকে ভ্যান বোঝাই করে মুরগি নিয়ে শান্তিনগরে যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনে রাস্তায় ইউটার্ন নেয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা রিপন ও সুলতান ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি তাদের দুজনের ওপর দিয়ে চলে যায়। খবর পেয়ে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ভ্যানচালক অক্ষত রয়েছেন।
নিহত রিপন ও সুলতানের বাড়ি শেরপুর জেলায়। রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন এবং সুলতানের বাবার নাম জমশেদ আলী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।